নিউজিল্যান্ডে মূল সিরিজ শুরুর আগে এখন নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত টাইগাররা। কুইন্সটাউনে চলছে তামিম-মুশফিকদের অনুশীলন ক্যাম্প। সোমবার বাংলাদেশ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি বলেছেন, দলের সবাই কঠোর অনুশীলন করছে। এই দলে শ্রেষ্ঠ পর্যায়ের পেশাদার ক্রিকেটার রয়েছে। তার মধ্যে মুশফিকুর রহিম অন্যতম। তাকে তরুণরা অনুসরণ করতে পারে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিওতে নিকোলাস লি বলেছেন, ‘এই দলের সবাই কঠোর পরিশ্রম করে। দলে শ্রেষ্ঠ পর্যায়ের কয়েকজন পেশাদার ক্রিকেটার রয়েছে। তার মধ্যে মুশফিকুর রহিম অন্যতম। তরুণরা তাকে অনুসরণ করতে পারে। দলের সবাই চেষ্টা করছে। কারো কোনো অভিযোগ নেই। এখন দলের সকলের শারীরিকভাবে ফিট থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজ শুরু হলে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ভ্রমণ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ছেলেরা ফিটনেস অনুশীলন উপভোগ করছে। এখানে আমাদের দীর্ঘদিন থাকতে হচ্ছে। শুরুতে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলাম। ছেলেরা কোয়ারেন্টাইনে থাকাকালেও ফিটনেস নিয়ে কিছু কাজ করেছে। প্রস্তুতির জন্য আমাদের হাতে এখনো সময় আছে। সবাই চেষ্টা করছে।’